যশোর সীমান্তে ‘২৬ সোনার বার ফেলে পালাল পাচারকারী’
জব্দ সোনার বাজার মূল্য ৩ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
যশোরের চৌগাছা সীমান্তে ‘২৬ সোনার বার ফেলে পালাল দুই পাচারকারী।’
সোমবার সকালে চৌগাছা উপজেলার কাবিলপুর সীমান্তের মেইন পিলার ৩৮/২ এস-এর ১৩ আর সাব পিলার এলাকায় পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগে বারগুলো পাওয়া যায় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান।
জব্দ সোনার বাজার মূল্য ৩ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
বিজিবি কর্মকর্তা আহমেদ হাসান জামিল বলেন, সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচারের গোপন খবরে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অবস্থান নেয়।
“এ সময় দুই ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে সন্দেহ হয়। পরে থামতে বললে তারা দৌড়ে দেন। বিজিবির টহলদল ধাওয়া করলে সঙ্গে থাকা একটি কালো ব্যাগ ফেলে একজন ভারতের অভ্যন্তরে, অপরজন বাংলাদেশের কাবিলপুর গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যান।”
আহমেদ হাসান জামিল আরও বলেন, পরে ব্যাগটি তল্লাশি করে ৩ কেজি ০২৩ গ্রাম ওজনের ২৬টি সোনার বার পাওয়া যায়।
এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা দিয়ে সোনার বারগুলো যশোরের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
