বরিশালে অস্ত্র-ইয়াবা-জাল নোটসহ যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি থানায় তিনটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
বরিশালের গৌরনদী উপজেলার থেকে দুটি পাইপগান, ইয়াবা ও জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার পৌর শহরের চরগাধাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির।
গ্রেপ্তার দুলাল প্যাদা (২৪) মাদারীপুরের কালকিনী উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের বাসিন্দা।
বিকালে সংবাদ সম্মেলনে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী বলেন, “দুলাল চরগাধাতলী মহল্লায় আব্দুর রশিদ মাস্টারের বাসায় ভাড়া থেকে মাদক ও জাল টাকার ব্যবসা করতেন। তার বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি থানায় তিনটি মামলা রয়েছে।”
এসআই ওবায়দুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে দুলালকে গ্রেপ্তার করা হয়।
“তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ঘরে তল্লাশি চালিয়ে ১ হাজার ১০০টি ইয়াবা, দেশে তৈরি দুইটি পাইপগান ও ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।”
এ ঘটনায় দুলালের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় আলাদা ধারায় তিনটি মামলা করা হয়েছে বলে জানান এসআই ওবায়দুল।
