মিডিয়া খবর না দিলে বিদেশিরা ঘরে বসে খালি হুক্কা খাবে: মোমেন
এ দেশের প্রত্যেক মানুষের হৃদয়ে ‘ডেমোক্র্যাসি’ আছে মন্তব্য করেছেন মন্ত্রী।
মিডিয়ার কারণেই বিদেশিরা এ দেশে ‘পাত্তা’ পাচ্ছে, নিজেদের ‘রাজা’ ভাবছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বিদেশিদের ‘কাভারেজ’ দেওয়া বন্ধের আহ্বান জানান।
সিলেটে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা বিদেশিদের নিয়ে এত হৈচৈ করবেন না। আপনাদের কারণেই বিদেশিরা পাত্তা পাচ্ছে। আপনারা বিদেশিদের কাভার করা বন্ধ করেন। কাভারেজ যদি বন্ধ করেন তাহলে পরের দিন ওরা (বিদেশিরা) খালি ঘরে বসে হুক্কা খাবে। বুঝছেন? তারা এটা মজা পায়। মনে করে তারা এদেশের রাজা।”
“তারা কারও কাছ থেকে তথ্য সংগ্রহ করতে যাক। আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এগুলো নিয়ে আপনাদের মাথাব্যথার কোনো কারণ নাই। আমাদের দেশে গোপনে আমরা কিছু করি না। আমরা খুব স্বচ্ছ।”
বুধবার সকালে নগরীর চৌহাট্টাস্থ সিভিল সার্জনের কার্যালয়ের ইপিআই ভবনে কমিউনিটি ক্লিনিক বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের ‘জ্ঞান খুবই সীমিত’ মন্তব্য করে মন্ত্রী বলেন, “বাংলাদেশ সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞান রাখেন বাঙালিরা। অথচ বিদেশিরা যখন আমাদের কোনো পরামর্শ দেন তখন সেটি হাস্যকর।”
এ দেশের প্রত্যেক মানুষের হৃদয়ে ‘ডেমোক্র্যাসি’ আছে উল্লেখ করে এ কে আব্দুল মোমেন বলেন, “বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম একটি দেশ, যে দেশের মানুষ মানবতা, গণতন্ত্র আর মানবাধিকারের জন্য রক্ত দিয়েছেন। এদেশের ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছেন ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। দুনিয়ার আর কোথাও এমন নজির নেই। অথচ বিদেশিরা আসে আমাদের বুঝাতে।”
মন্ত্রী আরও বলেন, “তাদের দেশে নির্বাচন হলে ২৫ ভাগ মানুষ ভোট দেয়। আর আমাদের দেশে ৭০-৮০ ভাগ মানুষ ভোট দেন। অথচ তারা বড় বড় কথা বলেন। তারা নিজের দিকে তাকায় না কেন? তারা তাদের নির্বাচনের সময় প্রার্থী পায় না।”
বাংলাদেশে ‘গণমাধ্যমের স্বাধীনতার’ কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের দেশে ৪৫টি প্রাইভেট টেলিভিশন চ্যানেল রয়েছে, প্রতিদিন সাড়ে ১২ হাজার সংবাদপত্র প্রকাশিত হয়। এ ছাড়া প্রতি মাসে এক হাজার ৮০০ সাময়িকী বের হয়। এমন নজির বিশ্বের আর কোথাও আছে?“
গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশ সর্বক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে জানিয়ে তিনি বলেন, “আমরা আমাদের প্রতিবেশি রাষ্ট্রগুলো থেকে অনেক অনেক ভালো অবস্থানে এসেছি। দারিদ্র্যতা একটি বড় অভিশাপ। আমরা সেটি অর্ধেকে নামিয়ে নিয়ে এসেছি। বাংলাদেশ এখন দরিদ্র দেশ নয়।”
দেশে শান্তি ও স্থিতিশলীতা বিরাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “যেহেতু আমরা প্রতিবেশি দেশ থেকে অনেক ভালো করতেছি, এজন্য অনেকে আকর্ষণ বোধ করছেন। অনেকে অনেকভাবে ফায়দাও লুটতে চাচ্ছেন। বিশ্বের যেসব দেশে শান্তি ও স্থিতিশলীতা সেসব দেশেই উন্নতি ঘটে। বাংলাদেশেও তা ঘটছে। যেসব দেশে শান্তি ও স্থিতিশলীতা নেই, সেগুলো ধ্বংস হয়ে যায়।”
কিছু লোক চায় না দেশে শান্তি ও স্থিতিশলীতা বিরাজ করুক বলে অভিযোগ করেন মন্ত্রী।
তিনি বলেন, “কারণ দেশ অশান্ত থাকলে তাদের ব্যক্তিগত ফায়দা হাসিল হয়। দুঃখজনকভাবে বিরোধীদলীয় অনেক নেতা আছেন, যারা চান না আমাদের দেশ উন্নত হোক। তারা তাদের ব্যক্তি স্বার্থের জন্য দুঃশ্চিন্তায় থাকেন।”
তারা বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে এবং অপপ্রচার চালিয়ে লোকজনকে উস্কে দেন বলেও মন্তব্য করে মন্ত্রী। তিনি বলেন, “দেশ অশান্ত হলে তারাও কিন্তু শান্তিতে থাকবেন না। বিশ্বের যে সব দেশে যে পক্ষ অশান্তি সৃষ্টি করেছে তারাও কিন্তু শান্তিতে নাই।”
