২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে হোটেলের স্টাফ কোয়ার্টার থেকে কর্মীর লাশ উদ্ধার

তিনি ওই হোটেলের ম্যানেজার ছিলেন।

কক্সবাজারে হোটেলের স্টাফ কোয়ার্টার থেকে কর্মীর লাশ উদ্ধার

পুলিশ দরজা ভেঙে খালেদ আশরাফ বাপ্পির লাশ উদ্ধার করে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2022, 02:19 PM

Updated : 07 Aug 2022, 02:19 PM

কক্সবাজারে শহরের হোটেল ‘সি কক্স' এর স্টাফ কোয়ার্টার থেকে খালেদ আশরাফ বাপ্পি নামে এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

২৫ বছর বয়সী ওই যুবকের লাশ শনিবার রাত ২টার দিকে উদ্ধার করা হয় বলে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান।

আশরাফ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ার আব্দুল গফুরের ছেলে। তিনি ওই হোটেলের ফ্রন্ট ডেস্কের ম্যানেজার ছিলেন।

হোটেল কর্তৃপক্ষের বরাতে পরিদর্শক সেলিম জানান, কক্সবাজার সরকারি কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র খালেদ ‘সি কক্স’ হোটেলে খণ্ডকালীন চাকরি করতেন। হোটেল থেকে কিছু দূরে পাহাড়ের সঙ্গে লাগোয়া হোটেলটির স্টাফদের জন্য কোয়ার্টার রয়েছে।

তিনি বলেন, “শনিবার রাত সাড়ে ১১টায় কাজ শেষ করে খালেদ স্টাফ কোয়ার্টারে তার রুমে চলে যান। এরপর থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে সহকর্মীরা ওই ঘরে উঁকি দিয়ে ফ্যানের সঙ্গে খালেদের ঝুলন্ত লাশ দেখতে পান।

পরে তারা দরজা ভেঙে বাপ্পীকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। "

খালেদের ঘরে তল্লাশি করে তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। "

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সেলিম।