‘টোল আদায়’: নেত্রকোণায় সংঘর্ষে আহত এক অটোচালকের মৃত্যু
মোহনগঞ্জে স্টেশন এলাকায় অটোরিকশা চালকদের সঙ্গে টোল আদায়কারীদের সংঘর্ষ হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় ‘টোল আদায়’ নিয়ে সংঘর্ষে আহত ব্যাটারিচালিত অটোরিকশার এক চালকের মৃত্যু হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত অটোরিকশা চালক মো. হাসান (৩৫) মোহনগঞ্জ উপজেলার মানশ্রী পুকুরপাড় এলাকার জজ মিয়ার মিয়ার ছেলে।
বুধবার দুপুরে উপজেলার স্টেশন এলাকায় অটোরিকশা চালকদের সঙ্গে টোল আদায়কারী একটি পক্ষের এই সংঘর্ষ হয়। টোল আদায়কারীদের পক্ষে অটোরিকশা চালকদেরও একটি অংশ রয়েছে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বরকাশিয়া গ্রামের প্রভাবশালী কিছু লোক অটোরিকশা চালকদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা নেন। কিন্তু বিরামপুর গ্রাম ও আশপাশ গ্রামের অটোচালকরা চাঁদা দিতে চাইতেন না। এ নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে বুধবার দুপুরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় অন্তত ২৫টি দোকান ও ৫০-৬০টি অটোরিকশা ভাঙচুর হয়।
সংঘর্ষ থামাতে পুলিশ ৫১ রাউন্ড রাবার বুলেট ও ১০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে বলে মোহনগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, উপজেলার বিরামপুর এলাকার অটোরিকশা অদর্শনগর এলাকায় যেতে চাইলে ২০ টাকা টোল দাবি করা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নেত্রকোণা জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে এলাকায় মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
