নবাবগঞ্জে বাইকের সংঘর্ষে প্রাণ গেল ২ কিশোরের
এ ঘটনায় আহত একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে; আহত হয়েছে আরও একজন।
বুধবার দুপুরে উপজেলার পূর্ব মেলেং গ্রামের আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে নবাবগঞ্জ থানার পাড়াগ্রাম পুলিশ ফাঁড়ির এসআই মো. রুবেল হোসেন জানান।
নিহতরা হলেন: উপজেলার শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. মাসুদ (১৭) এবং একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের শেখ শহিদের ছেলে শেখ সোহান (১৬)।
এ ঘটনায় আহত শেখ রাসেল ওই ইউনিয়নের সুলতানপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
সোহান স্থানীয় এম মহিউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে সোহানের চাচা শেখ কামরুল জানান, তার ভাস্তে বাইক চালিয়ে পাড়াগ্রাম থেকে নিজবাড়ির দিকে যাচ্ছিল।
অপর একটি বাইকে শেখ রাসেল ও মো. মাসুদ পাড়াগ্রামের দিকে যাওয়ার পথে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
শেখ কামরুল জানান, সোহানকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে এবং মাসুদকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতদের কেউ থানায় এখনও কোনো অভিযোগ দেয়নি বলে জানান এসআই রুবেল।
