২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন কিশোরী পোশাক শ্রমিককে ‘ধর্ষণ’, প্রৌঢ় সহকর্মী গ্রেপ্তার

কিশোরীদের নানা প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ।

তিন কিশোরী পোশাক শ্রমিককে ‘ধর্ষণ’, প্রৌঢ় সহকর্মী গ্রেপ্তার

পঞ্চাশোর্ধ্ব আলমগীরকে আটক করে থানায় সোপর্দ করা হয় বলে পুলিশ জানায়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2022, 12:32 AM

Updated : 16 Dec 2022, 12:32 AM

নারায়ণগঞ্জের বন্দরে তিন কিশোরী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ্ব এক সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে কিশোরীদের মায়েরা বাদী হয়ে তিনটি মামলা করেন বলে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান।

তিনি জানান, গ্রেপ্তার আলমগীর এবং ওই তিন কিশোরী একই হোসিয়ারী কারখানায় কাজ করেন। ‘ধর্ষণ’ এর বিষয়টি কারখানার মালিক ও কিশোরীদের পরিবারের মধ্যে জানাজানি হয়। পরে তারা সবাই এক হয়ে আলমগীরকে ধরে থানায় নিয়ে আসেন এবং তিনটি মামলা করেন।

মামলার নথির বরাত দিয়ে বন্দর থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন মো. আলমগীর ওরফে আলম।

ওই এলাকারই একটি হোসিয়ারি কারখানায় কাজ করেন তিনি। অনূর্ধ্ব ১৪ বছর বয়সী তিন কিশোরীও একই কারখানায় কাজ করেন।

গত ৮ ডিসেম্বর দুপুর আড়াইটা, ১২ ডিসেম্বর বেলা ১১টা ও একইদিন দুপুর দেড়টায় কিশোরীদের কারখানা থেকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন আলমগীর। ধর্ষণের কথা কাউকে বললে হত্যার হুমকি দেন তিনি।

পুলিশ পরিদর্শক আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হোসিয়ারি কারখানাটি থেকে আলমগীরের বাড়ি কাছাকাছি। তাদের হোসিয়ারি থেকে নানা প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে তিনি ধর্ষণ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

“আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। একটি মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।”

পুলিশ পরিদর্শক আরও বলেন, “বাকি দু’টো মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।“

কিশোরীদের বয়স ও স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।