২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া-১: খালেদা জিয়ার উপদেষ্টার জন্য মনোনয়নপত্র সংগ্রহ

একরামুজ্জামান বলেন, “আমার শুভাকাঙ্ক্ষীরা মনোনয়নপত্র সংগ্রহ করতেই পারেন।”

ব্রাহ্মণবাড়িয়া-১: খালেদা জিয়ার উপদেষ্টার জন্য মনোনয়নপত্র সংগ্রহ

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ. কে. একরামুজ্জামান।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2023, 10:52 PM

Updated : 27 Nov 2023, 10:52 PM

বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলেও ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় চেয়ারপাসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ. কে. একরামুজ্জামানের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার বিকালে একরামুজ্জামানের পক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, “সোমবার পর্যন্ত ৩৮টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য একরামুজ্জামানের পক্ষে বকুল মিয়া নামে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।”

এ ব্যাপারে জানতে চাইলে আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক একরামুজ্জামান সাংবাদিকদের বলেন, “বকুল মিয়া দলীয় কর্মী। আমার শুভাকাঙ্ক্ষীরা মনোনয়নপত্র সংগ্রহ করতেই পারেন।

“তবে আমি নির্বাচন করব কিনা- এখনও সিদ্ধান্ত নেইনি। দু-একদিনের মধ্যে আমি সিদ্ধান্ত জানাব।”

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের বিপরীতে ৩৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে তিনটি, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে চারটি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে সাতটি, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে ছয়টি, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১২টি এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে ছয়টি মনোনয়নপত্র নিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।