২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ ওসি ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

মামলার আবেদন গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

ফেনীতে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ ওসি ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ফেনী সদর মডেল থানার পরির্দশক মো. নিজাম উদ্দিন

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2022, 08:41 PM

Updated : 11 Aug 2022, 08:41 PM

ফেনীর যুবদল সভাপতি জাকির হোসেন জসিমকে পুলিশ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ করেছেন তার স্ত্রী।

বুধবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ আশেকুর রহমানের আদালতে অভিযোগটি দায়ের করেন জাকির হোসেনের স্ত্রী লুৎফুন নাহার পারভীন।

আদালত আবেদন গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক গোলাম মোহাম্মদ জিলানী।

ফেনী সদর মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন, এসআই মো. এমরান হোসেন, নারায়ণ চন্দ্র দাস, গোয়েন্দা শাখার এসআই হাবিবুর রহমান, ফেনী পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন ও তার সহযোগী মো. সৈকতের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আলমগীর চৌধুরী জানান, গত ২১ জুলাই রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় রাজধানীর বিজয় নগরের নাভানা টাওয়ার থেকে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে গ্রেপ্তার করে ফেনী মডেল থানা পুলিশ। পরে রাত ১টার দিকে তাকে ফেনীর রামপুরের বাসায় নিয়ে তল্লাশি করে অস্ত্র উদ্ধারের দাবি করে পুলিশ।

ফেনী মডেল থানা পুলিশ অভিযানে একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার দেখিয়ে জাকিরের বিরুদ্ধে মামলা দায়ের করে।

আদালত পুলিশের পরিদর্শক গোলাম মোহাম্মদ জিলানী জানান, এজাহারে যুবদল নেতা জাকিরকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ করা হয়েছে। বিচারক আবেদন আমলে নিয়ে পুলিশ পরিদর্শক পদমর্যাদার চেয়ে ঊর্ধ্বতন পদমর্যাদার কর্মকর্তা দিয়ে নালিশি ঘটনা তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে তদন্তের অগ্রগতি জানাতে এবং আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে, বুধবার রাতে ফেনীর এসপি কার্যালয়ের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ও ডিআইও-২ মো. শহীদ উল্যাহ এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, ফেনী জেলা যুবদলের সভাপতি জসিমের বিরুদ্ধে সদর থানা পুলিশ অস্ত্র আইনে মামলা দায়ের করায় জসিমের স্ত্রী লুৎফুর নাহার ১০ অগাস্ট ফেনী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশেকুর রহমানের আমলী আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন। আদালত অভিযোগটি ফেনী জেলা পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে। এ বিষয় বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।