কক্সবাজারে কভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে ২ জন নিহত
কভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় কভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে। তারা সবাই লেগুনার যাত্রী।
শনিবার বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাকসুদ আহমদ।
নিহতদের মধ্যে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার মোহাম্মদ মারুফ (১৭) নামের একজনের পরিচয় মিললেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনায় আহতরা হলেন- নিহত মারুফের দাদী আছিয়া খাতুন (৭০), নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ঈদগাঁও ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে মনিরুল হক (২০) এবং বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার বাদশা মিয়ার স্ত্রী হাফেজা খাতুন (৫০)।
স্থানীয়দের বরাতে মাকসুদ আহমদ বলেন, বিকালে রিংভং আমতলী এলাকায় চট্টগ্রামমুখি কভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়।
“ঘটনাস্থলেই একজন নিহত এবং চারজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।”
চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
