হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, আহত ৫০
আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ফের সংঘর্ষে জড়ায় বলে জানিয়েছে পুলিশ।
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; এতে আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
শনিবার সন্ধ্যায় উপজেলার কুশিয়ারতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান জানান।
নিহত ৩৫ বছর বয়সী জাহাঙ্গীর মিয়া ওই গ্রামের ধলাই মিয়ার ছেলে।
পরিদর্শক মোহাম্মদ বদিউজ্জামান বলেন, “দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে সাবেক ইউপি সদস্য আজমান মিয়ার সঙ্গে একই গ্রামের কাছম আলীর লোকজনের বিরোধ চলে আসছিল। গত ২৭ মার্চ এক সালিশে বিষয়টি সমাধান হয়।
“শনিবার বিকালে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।”
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, “আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আবারও সংঘর্ষে জড়ান। খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ। এ সময় হাসপাতাল থেকে কয়েকজনকে আটক করা হয়।”
যুবক নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে মোহাম্মদ বদিউজ্জামান জানান।
