২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে কাউন্সিলর হত্যা: এক যুগ পর যাবজ্জীবন দণ্ডিত আসামি গ্রেপ্তার

মামলার রায় ঘোষণার পর থেকে মাসুদ রানা পলাতক ছিলেন বলে জানায় পুলিশ।

মেহেরপুরে কাউন্সিলর হত্যা: এক যুগ পর যাবজ্জীবন দণ্ডিত আসামি গ্রেপ্তার

যাবজ্জীবন দণ্ডিত আসামি মাসুদ রানা।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 06:20 PM

Updated : 11 Jul 2023, 06:20 PM

মেহেরপুর পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান রিপন হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডিত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক।

গ্রেপ্তার মাসুদ রানা (৪৫) গাংনী উপজেলার থানাপাড়ার সেকেন্দার আলীর ছেলে।

নিহত মিজানুর রহমান মেহেরপুর শহরের আবদুল হালিমের ছেলে। তিনি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও যুবলীগের সঙ্গে জড়িত ছিলেন।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, হত্যাসহ আরও একটি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন মাসুদ। তার বিরুদ্ধে চাঁদাবাজী, বোমাবাজী, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে মামলা আছে।

গোপন খবর পেয়ে সোমবার রাতে ফরিদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার মাসুদকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ২০১১ সালে ১ এপ্রিল মেহেরপুর শহরের হোটেল বাজারে রিপনের ব্যবসাপ্রতিষ্ঠান রাজধানী স্টোরে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে রিপনসহ চারজন আহত হন। পরে ৮ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রিপন মারা যান।

এ ঘটনায় রিপনের বাবা বাদী হয়ে সদর থানায় মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু ও প্রয়াত সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামনু বিপুলসহ ১৫-২০ জনকে আসামি করে দুটি মামলা করেন।

সাক্ষ্য গ্রহণ শেষে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও দুই বছর কারাবাসের আদেশ দেয় আদালত।

রায় ঘোষণার আগে থেকে মাসুদ রানা পলাতক ছিলেন বলে জানায় পুলিশ।