আরও চার মামলায় গ্রেপ্তার কিশোরগঞ্জের বিএনপি সভাপতি
৫ নভেম্বর ভৈরব থেকে ডিবি পুলিশের একটি দল শরীফুলকে আটক করে ঢাকায় নিয়ে যায়।
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার সভাপতি শরীফুল আলমকে নাশকতা ও বিস্ফোরক আইনের আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ সদর ও কুলিয়ারচর থানায় দুটি করে পুলিশের দায়ের করা চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য বিএনপি নেতা আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, কিশোরগঞ্জ প্রথম বিচারিক হাকিম আদালতের বিচারক আশিকুর রহমান এবং দ্বিতীয় বিচারিক হাকিম আদালতের বিচারক কিশোর দত্ত বিএনপি নেতা শরীফুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জালাল উদ্দিন বলেন, বুধবার শরীফুল আলমের জামিন আবেদন করা হবে।
আইনজীবী আরও বলেন, ৫ নভেম্বর ভৈরব থেকে ডিবি পুলিশের একটি দল শরীফুলকে আটক করে ঢাকায় নিয়ে যায়। পরে রাজধানীর উত্তরা ও পল্টন থানায় পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
একমাস পর তাকে কিশোরগঞ্জের চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হল।
