জয়পুরহাটে ভটভটির সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী কলেজছাত্র নিহত
তিনি মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
জয়পুরহাটে ভটভটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
শনিবার দুপুরে পৌর শহরের গুলশান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জয়পুরহাট থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান।
নিহত সঞ্জিত হোসেন আলিফ (১৯) শহরের শান্তিনগর এলাকার আল আমিন হোসেনের ছেলে। তিনি মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভটভটিটি শহরের নতুনহাট এলাকা থেকে খঞ্জনপুর এলাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিলেন মোটরসাইকেল আরোহী আলিফ। দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে হলে আলিফ মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি সিরাজুল।
