২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

মেয়েটির আত্মীয় জানান, বাসায় স্বামী-স্ত্রী কথা বলার এক পর্যায়ে কোমর থেকে ছোরা বের করে আঘাত করেন যুবক।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2023, 11:15 PM

Updated : 06 Jan 2024, 11:08 AM

ঢাকার সাভারে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার আনন্দপুর মহল্লায় এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার এসআই সুদীপ কুমার গোপ জানান।

নিহত নারীর (২৮) বাবার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার বুগলহাট এলাকায়। তিনি আশুলিয়ার আনারকলি এলাকায় স্বামী দ্বীন ইসলাম বাবুর (৩২) সঙ্গে ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। দ্বীন ইসলাম পেশায় অটোরিকশা চালক।

নিহতের খালু শহীদ মোল্লা বলেন, মেয়েটি গত সোমবার তার স্বামীর সঙ্গে ঝগড়া করে আনন্দপুর আমার বাসায় চলে আসে।

“আজ (বৃহস্পতিবার) বিকালে ছেলেটিও (দ্বীন ইসলাম) এখানে আসে। বাসায় মেয়েটির সঙ্গে একা কথা বলার এক পর্যায়ে কোমর থেকে ধারালো ছোরা বের করে পেটে আঘাত করে দ্বীন ইসলাম। তখন মেয়েটির চিৎকারে আমরা এগিয়ে যাই ও দ্বীন ইসলামকে আটক করি।

পরে মেয়েটিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই সুদীপ কুমার গোপ জানান, খবর পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করে থানা আনা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।