লালমনিরহাটে নিজের ও ছেলের নেশার টাকা জোগাতে চুরি, দাবি পুলিশের
সিসিটিভি ভিডিও দেখে যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, নিজের ও ছেলের নেশার টাকা জোগাতেই চুরি করেছিলেন তিনি।
বৃহস্পতিবার সকালে উপজেলার দলগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মালেককে (৩৬) গ্রেপ্তার করা হয় বলে জানান কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক।
মালেক উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিণ দলগ্রাম এলাকার মৃত হাফিজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ১৭ সেপ্টেম্বর রাতে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহমানের মুদি দোকানে চুরি হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসন কার্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
ইউএনও মো. সাইফুল ইসলাম সিসিটিভির ভিডিও পুলিশকে দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
পুলিশের ভাষ্য, ভিডিও পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে মালেককে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া মালামালের একটি ছাতা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মালেক চুরির কথা স্বীকার করেছেন। নিজের ও ছেলের নেশার খরচ মেটাতে তিনি এ কাজ করেছেন বলে জানিয়েছেন।
ওসি আবু সিদ্দিক বলেন, মালেকের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আর কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
