২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ব্যবসায়ী গুলিতে খুনের খবর

ছাগলনাইয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি বলেন, ওই যুবক জোহানেসবার্গের রজেটিনভিলে দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন।

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ব্যবসায়ী গুলিতে খুনের খবর

খোরশেদ আলম দিদার

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 08:05 PM

Updated : 20 Oct 2023, 08:05 PM

দক্ষিণ আফ্রিকায় ফেনীর এক প্রবাসী সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে আফ্রিকার জোহানেসবার্গর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে শুক্রবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউপির চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জানান।

নিহত খোরশেদ আলম দিদার (৪৭) ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিপুর গ্রামের আজিজুল হক মজুমদার লাতুর ছোট ছেলে।

ছাগলনাইয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, “দিদার জোহানেসবার্গের রজেটিনভিলে দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন। সেখানে গত মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।”

ছুটিতে দেশে আসা নিহতের ভাস্তে আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি, তার বাবা ও দুই চাচা দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ছিলেন। গত ২০২২ সালের শুরুর দিকে বড় চাচা নজরুল ইসলাম মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে প্রবাসেই মারা যান। তার বাবা স্থায়ীভাবে দেশে ফিরে আসেন। ছোট চাচা দিদার সে দেশের সন্ত্রাসীদের হাতে গুলিতে নিহত হন।

নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে পাঠাননগর ইউপি’র সদস্য জয়নাল আবেদীন বলেন, “মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।”

১৪ বছর ধরে প্রবাসে থাকা খোরশেদ আলম দিদারের বাড়িতে বাবা-মা ছাড়াও স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

মরদেহ দ্রুত দেশে আনার জন্য বাংলাদেশি দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন নিহতের স্বজনরা।