২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগসহ বিভিন্ন নদীতে বাঁধ নির্মাণে প্রতিবাদ গাজীপুরে

বক্তারা জানান, হাই কোর্ট ইতোমধ্যে দেশের নদ-নদীগুলোকে ‘জীবন্ত সত্তা’ হিসেবে ঘোষণা দিয়েছে।

তুরাগসহ বিভিন্ন নদীতে বাঁধ নির্মাণে প্রতিবাদ গাজীপুরে

গাজীপুর ডিসি’র কার্যালয়ের সামনে মানববন্ধন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 08:57 PM

Updated : 05 Apr 2023, 09:15 PM

তুরাগসহ দেশের বিভিন্ন নদীতে বাঁধ নির্মাণে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন গাজীপুর মহানগর শাখা।

বুধবার বিকালে গাজীপুর ডিসি’র কার্যালয়ের সামনে এ বিষয়ে মানববন্ধন হয়েছে।

মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, দখল দূষণে ভরাট ও ভাঙ্গনে বাংলাদেশের নদীগুলো আজ মৃত প্রায়। এর মধ্যে নতুন করে বাঁধ, অপরিকল্পিত ব্রিজ, কালভার্ট এবং স্থাপনা নির্মাণের ফলে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ করে নদীগুলোকে গলাটিপে হত্যার আয়োজন চলছে।

বক্তারা বলেন, ইতোমধ্যে নদ-নদীগুলোকে মহামান্য হাই কোর্ট ‘জীবন্ত সত্তা’ হিসেবে ঘোষণা দিয়েছে। এর মধ্যে ঢাকার চারপাশে তুরাগ, বালু, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা রক্ষায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু সেই রায়কে উপেক্ষা করে তুরাগ নদী ভরাট করে পানিপ্রবাহ সংকুচিত করে বিআরটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু তারা চাইলে বেইলি ব্রিজ নির্মাণ করে প্রকল্প বাস্তবায়ন করতে পারত।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার সাদত, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলম, যুগ্ম-সম্পাদক মো. শহিদুল্লাহর, জীববৈচিত্র্য সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান, নদী বাঁচাও আন্দোলনের গাজীপুর জেলার সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, মহানগর শাখার সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বিপ্লব, জেলা সদস্য রেজাউল করিম।

আনোয়ার সাদত বলেন, “টঙ্গীতে প্রকল্পের কাজের নামে নদী ভরাট করে নদীর টুঁটি চেপে ধরা হচ্ছে।”

তুরাগসহ দেশের বিভিন্ন নদীর স্বাভাবিক গতিপথ ঠিক রেখে নদী হত্যার কাজ বন্ধ করে প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তিনি।