টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
‘আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১০০১ থেকে ১২০০ এর মধ্যে।’
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭ এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা মো. রনি ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১০০১ থেকে ১২০০ এর মধ্যে। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন ৩০ সেপ্টেম্বর তাদের ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পের সঙ্গে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি- এই পাঁচটি ক্ষেত্রে মূল্যায়ন করা হয়েছে।
“এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ‘গুণগত শিক্ষাদান’ সূচকে বাংলাদেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।”
এবারের র্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের দুই হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
