চাঁদপুরে ছুরিকাঘাতে মামা খুন, ভাগ্নে আটক
দুপুরে পারিবারিক বিষয় নিয়ে আরিফের বাবা আনোয়ার হোসেন এবং মানিক হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন; ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তার ভাগ্নেকে আটক করেছে।
শনিবার দুপুরে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ চরমাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান।
নিহত মানিক হোসেন (২৫) ওই গ্রামের পূর্বপাড়ার আরশাদ আলীর ছেলে।
আটক আরিফ হোসেন (২২) ওই গ্রামেরই বাসিন্দা।
পুলিশ জানায়, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে আরিফের বাবা আনোয়ার হোসেন এবং মানিক হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ গিয়ে তার মামাকে শ্বাসনালীতে ছুরিকাঘাত করেন। এতে মানিক মাটিতে লুটিয়ে পড়েন।
তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মহিউদ্দিন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
