কক্সবাজারে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা
স্থানীয় নুরুল ইসলামের কাছে পান চাষের জন্য জমি ইজারা দেন নাছির উদ্দীন।
কক্সবাজারের মহেশখালী উপজেলার পান বরজের ইজারার টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের মণিপুর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান।
নিহত মোহাম্মদ নাছির উদ্দীন (৭০) শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং স্থানীয় আছাদ আলীর ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় নুরুল ইসলামের কাছে পান চাষের জন্য জমি ইজারা দেন নাছির উদ্দীন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ হয়।
এর জের ধরে সন্ধ্যায় নাছির উদ্দীনকে মারধর করা হয়। আহত নাছির উদ্দিনকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে উল্লেখ করে ওসি সুকান্ত বলেন, “ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ এরই মধ্যে অভিযান শুরু করেছে।”
