২০ টাকার লাইট চারশতে, সাড়ে ৮ হাজারের যন্ত্র ২৮ হাজারে ক্রয়
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বেগম ফজিলাতুন নেছা মুজিব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এসব অনিয়ম হয়েছে।
বাজারে মিয়াকো কোম্পানির ধুলাবালি শোষণ ও পরিষ্কার করার ভ্যাকুয়াম ক্লিনার খুচরায় বিক্রি হয় সাড়ে আট হাজার টাকায়। অথচ সরকারি একটি কলেজের জন্য একই মডেলের ভ্যাকুয়াম ক্লিনার মেশিন কেনা হয়েছে তিন গুণেরও বেশি দরে, ২৭ হাজার ৮৫০ টাকায়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বেগম ফজিলাতুন্নেছা মুজিব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জন্য কেনা চারটি ভ্যাকুয়াম ক্লিনার ক্রয়ে এই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। চারটি ক্লিনারের দাম দেখানো হয়েছে এক লাখ ১১ হাজার ৪০০ টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, এ খাতে সরকারের অতিরিক্ত খরচ হয়েছে ৭৭ হাজার ৪০০ টাকা।
অভিযোগ রয়েছে, কেবল এই যন্ত্র নয়, বাজারদরের চেয়ে তিন থেকে ২০ গুণ বেশি দরে কেনা হয়েছে নানা পণ্য।
বাজারে ৭০০ টাকায় পাওয়া যায়, এমন ফুটবলের দাম দেখানো হয়েছে ২ হাজার ৪০০ টাকা, ২০ টাকার বৈদ্যুতিক বাতি কেনা হয়েছে ৪০০ টাকায়।
অনিয়মের এখানেই শেষ নয়, স্থানীয় বাজার থেকে সিঙ্গারা কিনে গাজীপুরের একটি খবারের দোকানের রসিদ দিয়ে বিরিয়ানির টাকা সমন্বয় করা হয়েছে।
কলেজের ২০২২-২৩ অর্থবছরের আর্থিক ব্যয়ের বিল ভাউচারের কপি যাচাই করে এই চিত্র দেখা গেছে।
এভাবে ভূতুরে বিল ভাউচারে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল হকের বিরুদ্ধে।
প্রতিটি মালামালের দামই বাজার দরের চেয়ে বেশি- এই প্রশ্নের জবাবে নুরুল হক বলেন, “তখন আমি খেয়াল করিনি, কিন্তু এখন দেখছি প্রতিটি মালামাল বাজারের চেয়ে বেশি দাম ধরেছে। এখন আর কী করার আছে? কেনা তো হয়ে গেছে।”
বিল ভাউচার খতিয়ে দেখা গেছে, কাজ না করিয়েও তিন ধাপে শ্রমিক মজুরির প্রায় ৪০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।
২০২২ সালে কারিগরি মানবসম্পদ গড়ার লক্ষ্যে একাডেমিক কার্যক্রম শুরু করে কলেজটি। ২০২২ -২০২৩ অর্থবছরে ক্রয় খাতে বরাদ্দ ছিল ৬৩ লাখ টাকা। এই টাকায় শিক্ষা উপকরণ ছাড়াও বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশ, রাসায়নিক দ্রব্য, ক্রীড়া সামগ্রী ইত্যাদি কেনা হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটির তত্ত্বাবধানে কেনা হয় মালামাল।
দরপত্র আহ্বান না করে পছন্দের ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে চুক্তিতে ৭ লাখ ৪৭ হাজার ৭৭৫ টাকার মালামাল কেনেন অধ্যক্ষ।
দরপত্র ছাড়া আরও ১ লাখ ৪৬ হাজার ব্যয় দেখানো হয়েছে বিভিন্ন খাতে। এর মধ্যে রয়েছে কম্পিউটার সামগ্রী ক্রয় ও মেরামত, পরিচ্ছন্নতা সামগ্রী ক্রয়, আসবাবপত্র মেরামত, আপ্যায়ন বিল ও অনিয়মিত শ্রমিক মজুরি ইত্যাদি।
এর মধ্যে গাজীপুরের একটি হোটেলের রসিদ দেখিয়ে তিনটি আপ্যায়ন বিলে প্রায় ৪৫ হাজার টাকা তোলা হয়েছে। নতুন কম্পিউটার মেরামত বাবদ ১০ হাজার টাকার ভুয়া ভাউচার করা হয়েছে।
দেড় হাজার টাকার ওয়াইফাই রাউটার কেনা হয়েছে সাড়ে ছয় হাজার টাকায়, ৩০০ টাকার পাপোশের দাম দেখানো হয়েছে এক হাজার টাকা।
ক্রয় কমিটির সদস্য উত্তম রায় এই অনিয়মের দায় দিয়েছেন অধ্যক্ষের ওপর।
তিনি বলেন, “অধ্যক্ষ আমাকে ক্রয় কমিটির সদস্য করেলেও মালামাল কেনার সময় কিছুই জানানো হয়নি।
“তিনি তার পছন্দের ঠিকাদারের কাছ থেকে এসব মালামাল নিয়েছেন। তিনি আমাকে ভাউচারে সই করতে বলেছেন, আমি তাই করেছি।”
অধ্যক্ষ নুরুল হক বিল ভাউচার দেখানোর আগে সব অভিযোগ অস্বীকার করেন। পরে ভাউচার দেখার পর তার বক্তব্য পাল্টে যায়।
তখন তিনি বলেন, “বাজার দর যাচাই করে, ক্রয় কমিটির মতামতের ভিত্তিতে মালামাল কেনা হয়েছে।”
তার দাবি, কোনোটায় দাম বেশি ধরা হয়েছে, আবার কোনোটায় কম ধরা হয়েছে।
কলেজের কেনাকাটায় অনিয়মের বিষয়টি জানা আছে কিনা, জানতে চাইলে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যদি কেউ আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করে তাহলে তদন্ত করে দেখব। কোনো মিডিয়ায় যদি এটি উঠে আসে, তাহলেও বিষয়টি দেখব।”
