২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে প্রতিবন্ধী কিশোরী ‘ধর্ষণ’: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঘটনার পর থেকে সাবেক এই ইউপি চেয়ারম্যান পলাতক ছিলেন। বারবার স্থান পরিবর্তন করায় তাকে গ্রেপ্তারে বেগ পেতে হয়।

মাদারীপুরে প্রতিবন্ধী কিশোরী ‘ধর্ষণ’: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল সরদার

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2022, 06:42 PM

Updated : 28 Oct 2022, 07:13 PM

মাদারীপুরে সদর উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব ছিলারচর এলাকার নিজবাড়ি থেকে ছিলারচর ইউপির সাবেক চেয়ারম্যান বাবুল সরদারকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।

মাদারীপুর সদর থানা পুলিশ ও মামলার নথি থেকে জানা গেছে, প্রতিবন্ধী ওই কিশোরী তার পরিবারের সঙ্গে বাবুল সরদারের বাসায় ভাড়া থাকতো। তার মা একটি স্কুলে অফিস সহায়কের কাজ করেন, বাবা দিনমজুর। মেয়েকে বাসায় রেখে এ দম্পতিকে কাজে যেতে হতো।

গত ২৯ সেপ্টেম্বর দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাবুল সরদার ওই মেয়েটির ঘরে যান এবং ওই তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার পরদিন কিশোরীর মা বাদী হয়ে বাবুল সরদারকে একমাত্র আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় একটি ধর্ষণের মামলা করেন।

এরপর থেকেই সাবেক এই ইউপি চেয়ারম্যান পলাতক ছিলেন।

ধর্ষণের শিকার তরুণীর বাবা বলেন, “সাবেক চেয়ারম্যান বাবুল সরদার আমার স্ত্রীকে মামলা তুলে নিতে বিভিন্ন লোকজন দিয়া ভয় দেখায়। কিন্তু আমরা তার কথা শুনি নাই। আমার মেয়ের সঙ্গে যে অন্যায় করেছে আমি তার বিচার চাই। কোনো আপোস চাই না।”

ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্ষণ মামলার আসামি সাবেক চেয়ারম্যান বাবুল সরদার গত ৩০ সেপ্টেম্বর থেকেই পলাতক ছিলেন। তাকে ধরতে একাধিকবার অভিযান চালানো হয়। বারবার স্থান পরিবর্তন করায় তাকে গ্রেপ্তারে বেগ পেতে হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে নিজ বাড়িতে অভিযান চালিয়ে প্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

পুরনো খবর:

মাদারীপু‌রে প্রতিবন্ধী কিশোরীকে ‘ধর্ষণ’, সাবেক চেয়ারম‌্যা‌নের বিরুদ্ধে মামলা