বরিশালে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
রায় ঘোষণা সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
বরিশালের হিজলা উপজেলায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের বেঞ্চ সহকারী হুমায়ন কবির জানান।
দণ্ডিত মিজান তালুকদার (২৯) উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। রায়ে মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।
মামলার বরাতে বেঞ্চ সহকারী হুমায়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খালাস পাওয়া তারেক ও নাজমা বেগমের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এক পর্যায়ে ঘটনাটি দেখে ফেলে ১৬ বছর বয়সি এক কিশোরী। বিষয়টি প্রকাশ না করার জন্য ওই কিশোরীকে ভয়ভীতি প্রদর্শন করেন তারা।
“এদিকে ওই কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলেন তারেকের বন্ধু মিজান। ২০১২ সালের ৭ মার্চ বিয়ের প্রলোভনে ওই কিশোরীকে ধর্ষণ করেন মিজান। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।”
পরে এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আদালতে মামলা করে বলে জানান বেঞ্চ সহকারী।
তিনি আরও বলেন, পরে আদালতের নির্দেশে ২০১২ সালের ১৪ অক্টোবর হিজলা থানায় মামলাটি রুজু করা হয়। ওই বছরের ৩০ নভেম্বর এসআই মো. নুরুল ইসলাম তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে দুই জনকে খালাস ও এক আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান আদালতের এ কর্মকর্তা।
