২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় গাঁজা-ফেনসিডিল রাখার দায়ে ৬ জনের যাবজ্জীবন

৬৭১ বোতল ফেনসিডিল ও ৪৬ কেজি গাঁজা রাখার দায়ে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

কুষ্টিয়ায় গাঁজা-ফেনসিডিল রাখার দায়ে ৬ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি মাদক মামলায় রোববার ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2022, 04:38 PM

Updated : 18 Sep 2022, 04:38 PM

দৌলতপুর উপজেলার একটি মাদক মামলায় ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুষ্টিয়ার একটি আদালত।

রোববার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অনুপ কুমার নন্দী জানান।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার ধর্মদহ গ্রামের বাসিন্দা বাবু (৪৩), মোসলাম (৪০), বকুল (৩৮), জাহাঙ্গীর (৪০), জায়েদুল (৩৩) এবং পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা হাবু (৩৮)। এর মধ্যে বাবু, মোসলাম ও বকুল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০১৪ সালের ২৪ মে দুপুরে উপজেলার সীমান্তবর্তী বেলতলা মাঠে গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় গমের খড় দিয়ে ঢেকে রাখা কয়েকটি প্লাস্টিক ও পলিথিনের বস্তা থেকে ৬৭১ বোতল ফেনসিডিল ও ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে নয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন দৌলতপুর থানার এসআই খাদেমুল ইসলাম। ২০১৪ সালের ২৩ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই এস এম জাহিদ বিন আলম।

আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, আদালত ছয় জনকে যাবজ্জীবন ছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে; অনাদায়ে আর এক বছরের কারাদণ্ড দিয়েছে। বাকি তিনজনকে খালাস দেওয়া হয়েছে।