হবিগঞ্জে তোতা হত্যা মামলায় ৫ জনের ফাঁসির রায়
২০১৪ সালের অগাস্টে সদর উপজেলার দীঘলবাক গ্রামে আসামিরা প্রকাশ্যে কৃষক তোতা মিয়াকে হত্যা করে।
হবিগঞ্জে কৃষক তোতা মিয়া হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড হয়েছে। একই সঙ্গে আরও দুই আসামির যাবজ্জীবন ও ছয়জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।
মঙ্গলবার হবিগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সিজিল মিয়া, বশির আহমেদ ভিংরাজ, জিতু মিয়া, শাহ আলম ও ফজল মিয়া।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন ইউনুছ মিয়া ও আব্দুল্লাহ মিয়া।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ১ অগাস্ট হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের দীঘলবাক গ্রামে আসামিরা প্রকাশ্যে কৃষক তোতা মিয়াকে হত্যা করে।
এ ঘটনায় পরদিনে তার ছেলে মো. আব্দুল কাইয়ুম বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন। ৩৩ জনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় ২৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
ঘটনার বিবরণে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহ আলম চলাচলের রাস্তা বন্ধ করে বসতঘর নির্মাণ করলে গ্রামের লোকজন তোতা মিয়ার কাছে সালিসের জন্য শরণাপন্ন হন। এতে শাহ আলমের প্ররোচনায় আসামিরা তোতা মিয়া ও অন্যদের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র নিয়ে আঘাত করে তোতা মিয়াকে গুরুতর আহত করা হয়। এ সময় আরও ককেয়কজন আহত হয়।
আহত তোতা মিয়াকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের সিলেট এএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী মো. নুরুজ্জামান রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নিহত কৃষক তোতা মিয়ার পরিবার এতে সন্তুষ্ট।
মামলার বাকি ১৩ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
