২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে জটিলতা, বন্ধের পথে কুমিল্লা চিড়িয়াখানা

জেলা প্রশাসক বলছেন, জেলা পরিষদ এখানে অন্যায়ভাবে ছিলো। তারা জায়গার মালিকানা বুঝে নিয়েছেন।

জমি নিয়ে জটিলতা, বন্ধের পথে কুমিল্লা চিড়িয়াখানা

কুমিল্লার চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের মূল ফটক; এখন দর্শনাথীদের প্রবেশ পুরোপুরি নিষেধ।

আবদুর রহমান

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2022, 03:48 PM

Updated : 13 Aug 2022, 04:21 PM

কোভিড মহামারী শুরুর পর থেকে ‘অচলাবস্থার’ মধ্যে কুমিল্লার চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

১৯৮৬ সালের গোড়ার দিকে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। দীর্ঘ ৩৬ বছর আগে প্রতিষ্ঠিত এ বিনোদন কেন্দ্রটির অধিকাংশ পশুপাখির খাঁচা বর্তমানে শূন্য; যে কয়টি পশুপাখি আছে, সেগুলোও রয়েছে অযত্ন-অবহেলায়।

জেলা প্রশাসন ও জেলা পরিষদের মধ্যে জমি নিয়ে জটিলতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে জেলা প্রশাসন, চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের জমির মালিকানা জেলা পরিষদের কাছ থেকে বুঝে নিয়েছে।

এদিকে অস্তিত্ব সঙ্কটে পড়া চিড়িয়াখানার প্রাণীগুলোকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বাতিল করা হয়েছে ইজারাও। এতে বিনোদন থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তারা বলছেন, চিড়িয়াখানা না থাকলে জেলার অন্তত ৬০ লাখ মানুষ বিনোদন থেকে বঞ্চিত হবে। মৃতপ্রায় চিড়িয়াখানার প্রাণ ফেরাতে জেলা প্রশাসনের ইচ্ছাই এখন যথেষ্ঠ।

জেলা পরিষদ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কুমিল্লা নগরীর কালিয়াজুরি মৌজায় জেলা প্রশাসকের বাসভবনের সীমানা প্রাচীর ঘেঁষে ১০ একর ১৫ শতক সরকারি খাস জমিতে তৎকালীন জেলা প্রশাসক আবদুস সালামের প্রচেষ্টা এবং কুমিল্লার বিশিষ্ট ব্যক্তি ও বিত্তশালীদের সহযোগিতায় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনটি গড়ে তোলা হয়।

ওই সময় প্রাতিষ্ঠানিকভাবে কুমিল্লা জেলা পরিষদ এ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়। পরে জেলা প্রশাসন চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের তত্ত্বাবধানের দায়িত্ব জেলা পরিষদকে দেয়। সেই থেকে এই দুই বিনোদন কেন্দ্রের দেখভাল করে আসছে জেলা পরিষদ। তারাই চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন দরপত্র আহ্বানের মাধ্যমে ইজারা দিয়ে আসছিলো।

Image

শুনসান বোটানিক্যাল গার্ডেন।

বর্তমানে চিড়িয়াখানায় মাত্র ২৪টি পশুপাখির মধ্যে তিনটি চিত্রা হরিণ, একটি ময়ূর, আটটি বিভিন্ন প্রজাতির বানর, তিনটি বাজপাখি, দুইটি মেছোবাঘ, একটি অজগর, দুটি খরগোশ, একটি কালিম পাখি ও তিনটি তিতির পাখি রয়েছে।

নগরীর বাসিন্দা মোবারাক হোসেন বলেন, “আগে জেলার একমাত্র চিড়িয়াখানাটিতে চিত্রা হরিণের পাল, শিয়াল, তিনটি ময়ূর, তিনটি ঘোড়া, চারটি মেছোবাঘ, সিংহসহ আরও অনেক পশুপাখি ছিল। এগুলো এখন আর নেই। তাই বিগত কয়েক বছর ধরে সাধারণ মানুষ কুমিল্লা চিড়িয়াখানা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।”

তবে চিড়িয়াখানাটি ঢেলে সাজাতে সরকারিভাবে উদ্যোগ নিলে এখানে দর্শনার্থীদের ঠাঁই দেওয়া কষ্টকর হবে বলে মনে করেন মোবারক।

সরেজমিনে দেখা গেছে, চিড়িয়াখানার অধিকাংশ খাঁচা শূন্য পড়ে আছে। লতাপাতায় ঢেকে গেছে দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকা সিংহের খাঁচা। সঙ্গীহীন এক ময়ূরের দেখা মিললো বিশাল আকৃতির খাঁচায়। এ ছাড়া বাকি পশু-পাখিগুলোকে যত্ন করা হয় না, তা স্পষ্টই বোঝা গেলো।

কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের ইজারাদার আনিছুর রহমান বলেন, ২০১৮ সালে তিন বছরের জন্য ৩০ লাখ টাকায় চিড়িয়াখানাটি ইজারা নেওয়ার পর থেকে অবকাঠামোগত উন্নয়ন এবং পশুপাখিতে সমৃদ্ধ করার জন্য জেলা পরিষদের কাছে বারবার দাবি জানানো হয়েছিল। এরপর ২০২০ সালের মাঝামাঝিতে মহামারীর সময় সরকারি নির্দেশনা অনুযায়ী চিড়িয়াখানায় দর্শণার্থী প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তীতে তিন বছরের মেয়াদ শেষের আগেই এক মৌখিক আদেশে চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনটির ইজারা বাতিল করে জেলা প্রশাসন। বর্তমানে জায়গাটি কুমিল্লা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে থাকলেও চিড়িয়াখানায় থাকা পশুপাখির খাদ্য জোগান দিচ্ছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। এ বাবদ প্রতি মাসে তাদের খরচ হচ্ছে ৩২ থেকে ৩৫ হাজার টাকা।

স্থানীয়রা জানান, চিড়িয়াখানাটি তত্ত্বাবধানে নেওয়ার পর বড় একটি অংশে ২০২১ সালের শেষদিকে কুমিল্লার জেলা প্রশাসক শাক-সবজির বাগান করেন। ওই সময় প্রায় ৬০ প্রকারের সবজি উৎপাদন হয় এই বাগানে। বর্তমানেও সেখানে শাক-সবজির চাষ করা হচ্ছে। এতে জেলা প্রশাসক লাভবান হলেও কুমিল্লাবাসী বঞ্চিত হচ্ছেন বিনোদন থেকে।

কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, “প্রতিষ্ঠার পর থেকে এই চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন জেলা পরিষদ পরিচালনা করে আসছে। তবে এটি মূলত সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ভূমি, যার মালিক জেলা প্রশাসক।

“যার কারণে আমরা ইজারা কার্যক্রম বন্ধ রেখেছি। এরই মধ্যে জেলা প্রশাসক তাদের সম্পত্তি উদ্ধার করেছেন। এখন জেলা প্রশাসক এখানে পরবর্তীতে কী করবেন, সেটা তিনি ভালো বলতে পারবেন।”

তিনি বলেন, “বর্তমানে আমাদের তত্ত্বাবধানে যেসব পশুপাখি রয়েছে সেগুলো শিগগির চট্টগ্রামে স্থানান্তর করা হবে। এরই মধ্যে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তারা পশুপাখিগুলো নিতে রাজি হয়েছেন; শিগগির হস্তান্তর প্রক্রিয়া শুরু হতে পারে।”

শুক্রবার দুপুরে স্ত্রী ও ছেলেকে নিয়ে কুমিল্লা চিড়িয়াখানায় বেড়াতে এসেছিলেন জেলার মনোহরগঞ্জের বাসিন্দা মাসুদ আলম। কিন্তু চিড়িয়াখানার ফটক বন্ধ থাকায় ফিরে যেতে হয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাসুদ বলেন, “কয়েক বছর আগে স্ত্রীকে নিয়ে কুমিল্লা চিড়িয়াখানায় এসেছিলাম। তখন অনেক সুন্দর পরিবেশ ছিলো। এখন স্ত্রী ও সন্তানকে নিয়ে কুমিল্লা এসে শুনি, চিড়িয়াখানাই বন্ধ হয়ে গেছে।”

নগরীর বাসিন্দা মহিউদ্দিন আকাশ বলেন, “আমরা চাই যে কোনো মূল্যে চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনটি রক্ষা হোক। কুমিল্লা নগরীতে মানুষের মনভরে নিঃশ্বাস নেওয়ার মতো তেমন কোনো জায়গা নেই। মানুষের প্রয়োজনে হলেও, চিড়িয়াখানাটি বন্ধ না করে সংস্কার করে আধুনিকায়ণ করা প্রয়োজন।”

নগরীর মাহাবুব আলম বলেন, “যেখানে বিনোদনের জায়গা বাড়ানোর কথা, সেখানে উল্টো চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনটি বন্ধ হওয়ার খবর শোনা যাচ্ছে। তাহলে কি কুমিল্লায় চিড়িয়াখানা থাকবে না? মনে হচ্ছে আমরা বিনোদন ও নাগরিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছি।”

কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, “চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের জায়গার মালিক ডিসি, কুমিল্লা। এতোদিন জেলা পরিষদ এখানে অন্যায়ভাবে ছিলো। আমরা জায়গাটির মালিকানা এরই মধ্যে বুঝে নিয়েছি। চিন্তা করছি, এখানে সুন্দর একটি উদ্যান বানাবো; এরই মধ্যে আমরা গাছপালা লাগাতে শুরু করেছি।

তাহলে চিড়িয়াখানা কি বন্ধ হয়ে যাচ্ছে- এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা এখনও এ বিষয়ে পুরোপুরি কোনো সিদ্ধান্ত নেইনি। বিষয়টি ভেবে দেখছি, কী করা যায়।”