ব্রাজিলের খেলা শেষে বাকবিতণ্ডা: সাভারে ছুরিকাঘাতে নিহত ১
২২ বছরের এই তরুণ স্থানীয় একটি জুতার কারখানায় চাকরি করতেন।
বিশ্বকাপে ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ঢাকার সাভারে ছুরিকাঘাতে এক জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন আরও একজন।
সাভার মডেল থানার এসআই সুদীপ কুমার গোপ জানান, শুক্রবার মধ্যরাতে সাভারের ডগড়মোরা স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
নিহত মো. হাসান মিয়া ডগড়মোরা এলাকায় ভাড়া থাকতেন। ২২ বছরের এই তরুণ স্থানীয় একটি জুতার কারখানায় চাকরি করতেন।
আহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এসআই সুদীপ জানান, শুক্রবার রাতে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও ক্রোশিয়ার মধ্যে খেলা শেষে হারজিত নিয়ে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করেন এক দর্শক। এসময় হাসানের বন্ধু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
এসআই সুদীপ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
