যারা ভোট বর্জন করেছেন, ভোটাররা তাদের বর্জন করেছেন: ওবায়দুল কাদের
নিজের নির্বাচনি এলাকা নোয়াখালী-৫ আসনের বসুরহাট পৌরসভার উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
যারা ভোট বর্জনের ডাক দিয়েছেন, মানুষই তাদের বর্জন করেছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এটা প্রমাণ করে বিএনপি এবং তার সমমনারা আন্দোলনে পরাজিত হয়েছে। আজকে তাদের ভোট বর্জন এটাই প্রমাণ করছে যে, ভোটাররা তাদেরকে বর্জন করেছেন।
“ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন এটাই প্রমাণ করে, যারা ভোট বর্জন করতে নাশকতা ও সহিংসতার আশ্রয় নিয়েছেন তারা আবারও পরাজিত।”
রোববার সকাল ১০টা ১৫ মিনিটে নিজের নির্বাচনি এলাকা নোয়াখালী-৫ আসনের বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
সকাল ১০টায় মা-বাবার কবর জিয়ারত করে ভোটকেন্দ্রে আসেন সেতুমন্ত্রী।
এ সময় তার সঙ্গে ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজ উদ্দীন মামুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত, তাশিক মির্জা কাদের, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল করিম জুয়েল উপস্থিত ছিলেন।
উদয়ন প্রি ক্যাডেট একাডেমির প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন মুনসী বলেন, এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। প্রথম তিন ঘণ্টায় প্রায় ৩০০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আবদুল কাদের মির্জা বলেন, “আমরা শতভাগ আশাবাদী, বিপুল পরিমাণ ভোট পেয়ে আমাদের নেতা জয়যুক্ত হবেন। তিনি এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ নৌকাকে জয়যুক্ত করবে।”
ওবায়দুল কাদের ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০০৮ সাল থেকে তিনি টানা তিনবার এখানে জয় পেয়েছেন।
কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার দুটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৯৭৭। ১৩২টি ভোটকেন্দ্রে ভোটারদের জন্য কক্ষ রয়েছে ৯০০টি।
এ আসনে নতুন ভোটার মোট ৭৩ হাজার ২৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৫৩৭ জন, নারী ভোটার ৩১ হাজার ৭০৫ জন।
