Published : 26 Nov 2023, 04:05 PM
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
এ বছর বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৬৯৯ জন শিক্ষর্থী।
গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৯ দশমিক ৮১ শতাংশ। জিপিএ-৫ কমেছে ৩ হাজার ১৮২টি।
ওই বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৪৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ৮৮১ জন।
রোববার বেলা তিনটার দিকে সিলেট শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলন করে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল জানান।
সিলেট শিক্ষা বোর্ড জানায়, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১২৩ জন। এর মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৫৩৬ জন।
এর মধ্যে ২৩ হাজার ৯১৬ জন ছেলে ও ৩৫ হাজার ৬২০ জন মেয়ে। জিপিএ-৫ পেয়েছে ১৬৯৯ জন। এর মধ্যে ৮১৯ জন ছেলে ও ৮৮০ জন মেয়ে।
গত বছর এইচএসসিতে সিলেট বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৬৬ হাজার ৪৯১ জন। পাস করেছিল ৫৪ হাজার ১৪২ জন। পাসের হার ছিল ৮১ দশমিক ৪৩ শতাংশ। এর আগের বছর ২০২১ সালে পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ।’
এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ১২ হাজার ৯৫৯ জন অংশ নেন। পাস করেন ১২ হাজার ৮২৬ জন।
এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৩৫ জনে। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৭০৩ এবং মেয়ে শিক্ষার্থী ৬৩২ জন।
মানবিক বিভাগে ৫৮ হাজার ৭১৬ জন অংশ নিয়ে পাস করেছে ৫৮ হাজার ৩০২ জন। এই বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ২৫৪ জনে।
বাণিজ্য বিভাগে ১২ হাজার পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ১১ হাজার ৯৯৫ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১০৬ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল জানান, এবার সিলেটে শতভাগ পাস করেছে দুইটি কলেজ। গত বছর ছিল ১১টি। শতভাগ ফেল করেছে এমন কলেজ নেই। আর বহিষ্কৃত শিক্ষার্থী ছিল ২০ জন।