সিলেটে কাউন্সিলর শানুর স্বামী হত্যা: ৭ জনের যাবজ্জীবন
২০১৬ সালে নগরীর দেওয়ানের মাজার সংলগ্ন সড়কে খুন হন তাজুল ইসলাম।
আট বছর আগের হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস মঙ্গলবার পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মফুর আলী জানান।
দণ্ডিতরা হলেন- সিলেট নগরীর কুয়ারপাড় এলাকার শাকিল ওরফে পিচ্চি শাকিল ও আল আমিন, খুলিয়াটুলা এলাকার সবুজ মিয়া, কলাপাড়া এলাকার মিন্টু আহমদ, কুয়ারপাড় এলাকার আবদুর রহিম, আবদুল ওহাব কাইয়ুম এবং কুমারপাড়ার তোফায়েল। তাদের মধ্যে ওহাব ও তোফায়েল পলাতক রয়েছেন।
যাবজ্জীবন পাশাপাশি তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২০ অগাস্ট রাতে সিলেট নগরীর খুলিয়াটুলা এলাকার গরম দেওয়ানের মাজার সংলগ্ন সড়কে খুন হন সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলাম।
এ ঘটনার ওই রাতেই অভিযান চালিয়ে নারীসহ চারজনকে আটক করে পুলিশ। পরে নিহতের স্ত্রী শানু বাদী হয়ে কোতোয়ালি থানায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করে রায় দিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মফুর আলী বলেন, এ মামলায় নয়জনকে খালাস দিয়েছে আদালত।
