২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের সীমান্তে গুলিতে যুবক নিহত, আহত ২

কী কারণে তারা সেখানে গিয়েছিলেন; তা জানা যায়নি- বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 05:20 PM

Updated : 20 Jul 2023, 05:20 PM

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গুলিতে এক যুবক নিহত ও দুই জন আহত হয়েছে। পুলিশ বলছে, ভারতের খাসিয়াদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার ভোরে জৈন্তাপুর উপজেলার লালাখাল সারী নদীর ১৩০১ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন তেলাঞ্জি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা শ্যামল বণিক।

নিহত ২২ বছরের রুবেল হোসেন উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।

আহতরা হলেন- উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) ও মিজান মিয়া (২২)। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে আত্মগোপন করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যম কর্মকর্তা শ্যামল বণিক জানান, ধারণা করা করা হচ্ছে, সীমান্ত পেরিয়ে ভারতীয় এলাকায় প্রবেশ করার সময় তাদের ওপর গুলি চালায় খাসিয়ারা।

“এ সময় গুরুতর আহত রুবেলকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।"

জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক বলেন, “সীমান্তে গুলিতে একজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

“তবে কী কারণে তারা সেখানে গিয়েছিলেন; তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”