Published : 25 Nov 2023, 03:55 PM
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বেলপুকুর বাইপাস মোড়ে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বেলপুকুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে বেলপুকর থানার ওসি মামুনুর রশিদ।
নিহতরা হলেন, অটোরিকশার চালক মোখলেস আলী (৪৫), যাত্রী ইনসাফ আলী (৭৫), তার ছেলে আইয়ুব আলী (৩৮) ও মেয়ে পারভীন (৩৫) এবং পারভীনের মেয়ে কলেজছাত্রী শারমিন (১৭)।
তাদের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার কান্তপুর গ্রামে। ইনসাফ আলীর চিকিৎসার জন্য তারা রাজশাহী যাচ্ছিলেন।
ওসি মামুনুর জানান, টিসিবির পণ্যবাহী রাজশাহী থেকে পুঠিয়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ও অটোরিকশা রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে পড়ে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলেই এক অটোরিকশা যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে চার জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এছাড়াও এ ঘটনায় কাটাখালির বাসিন্দা ও ট্রাকের হেলপার হৃদয় (১৯) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসি।