Published : 12 Jul 2026, 05:55 PM
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শব্দদূষণের প্রতিবাদে কানে তুলা দিয়ে এবং হাতে থালা-চামচ বাজিয়ে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন এক কলেজশিক্ষক।
রোববার সকালে হাজী নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের প্রভাষক মো. নুরুজ্জামান নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে এ কর্মসূচি পালন করেন।
এ সময় তার গলায় ছিল ‘শব্দদূষণ বন্ধ চাই, নিরাপদ পৃথিবী চাই’ লেখা একটি ব্যানার।
পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আবারও থালা-চামচ বাজিয়ে শব্দদূষণ রোধের দাবি জানান।
নুরুজ্জামান বলেন, বিয়ে, খতনা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও ডিজে সাউন্ড বাজানো হচ্ছে। এতে শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি, বয়স্কসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। চলমান এইচএসসি পরীক্ষার সময়ও উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহারে পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।
শব্দদূষণ মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে বলে এ বিষয়ে আইন প্রয়োগে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে নুরুজ্জামান একাই কর্মসূচি পালন করলেও পরে কয়েকজন পথচারী ও স্থানীয় ব্যবসায়ী তার সঙ্গে সংহতি প্রকাশ করেন। তাদেরও অভিযোগ, দীর্ঘদিন ধরে রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহারে ভোগান্তি হচ্ছে।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক বলেন, “শব্দদূষণ অবশ্যই সবার জন্য ক্ষতিকর। এ বিষয়ে কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, সে বিয়টি আমরা বিবেচনা করব।”