সিলেটে দুই আটোরিকশা চালকের মারামারিতে একজনের মৃত্যু, মামলা দায়ের
পুলিশ বলছে, বাগবিতণ্ডার এক পর্যায়ে আলমগীরের কিল, ঘুষি ও লাথিতে জ্ঞান হারান আমিরুল।
সিলেট নগরীর বন্দরবাজারে তুচ্ছ ঘটনার জেরে দুই অটোরিকশা চালকের মারামারিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নিহত আমিরুল ইসলামের স্ত্রী হেলেন বেগম বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন সিলেটের কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
নিহত ৩৪ বছর বয়সী আমিরুল ইসলাম সদর উপজেলার কান্দিগাঁওয়ের ইদন মিয়ার ছেলে।
ওসি বলেন, “বুধবার রাত ১০টার দিকে নগরীর বন্দরবাজারস্থ প্রধান ডাকঘরের সামনে আমিরুলের ইসলামের গাড়ির সঙ্গে আরেক সিএনজি অটোরিকশার চালক আলমগীর হোসেনের গাড়ির ধাক্কা লাগে।
“এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুজন মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় আলমগীরের কিল, ঘুষি ও লাথিতে জ্ঞান হারান আমিরুল।”
ওসি আলী মাহমুদ জানান, খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ আমিরুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরই জনতা আলমগীরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
৩৫ বছর বয়সী আলমগীর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কালিকুচ্চ গ্রামের বাসিন্দা। কিছুদিন ধরে সিলেট নগরীর শাহজালাল উপশহরে বসবাস করছেন তিনি।
আমিরুলের স্ত্রীর করা মামলায় আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
