জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন
কর্মস্থলকে নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় মানববন্ধনে।
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিবাদে নেত্রকোণার দুর্গাপুরে মানববন্ধন করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন কর্মকর্তা ও কর্মচারীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা রকিবুল হাছান বলেন, ১৯ জানুয়ারি রাতে সড়ক দুর্ঘটনায় চারজন রোগী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালানো হয়।
“এ সময় চিকিৎসক-সেবাদানকারীদের উপর হামলার পাশাপাশি সরকারি সম্পদ বিনষ্ট করে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
কর্মস্থলকে নিরাপদ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মাকসুদা আক্তার রিমি, মেডিকেল কর্মকর্তা তানজিরুল ইসলাম রায়হান, আশিকুর রহমান, সালভিয়া মেহরীন।
