২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে আওয়ামী লীগের মানববন্ধন

ইউপি চেয়ারম্যান জানান, তিনি হামলার সঙ্গে সংস্পৃক্ত নন, তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে অপপ্রচার চালানো হচ্ছে।

নেত্রকোণায় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে আওয়ামী লীগের মানববন্ধন

নেত্রকোণায় মামলার আসামি ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 08:17 PM

Updated : 10 Jul 2023, 08:17 PM

নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একাধিক মামলার আসামি নাসির উদ্দিন রানার গ্রেপ্তার দাবিতে মানববন্ধন হয়েছে।

সোমবার দুপুরে দক্ষিণ বিশিউড়া বাজারের সামনের সড়কে দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।

নাসির উদ্দিন রানা দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।

মানববন্ধন আয়োজকদের অভিযোগ, ২৫ মে দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন রানা ও তার লোকজনের হামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২ জন নেতা-কর্মী আহত হন। গুরুতর আহতদের অনেকেই এখনও চিকিৎসাধীন। এ নিয়ে একাধিক মামলা হয়েছে নাসির উদ্দিন রানাসহ তার লোকজনের বিরুদ্ধে।

মানববন্ধনে বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মোশতাক আহমেদ।

আব্দুর রহমান বলেন, “সন্ত্রাসী হামলার মূলহোতা তিনটি মামলার প্রধান আসামি নাসির উদ্দিন এখনও গ্রেপ্তার হয়নি। এলাকায় তিনি সাধারণ মানুষকে মারপিটের হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন।”

তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এর আগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেও চেয়ারম্যান নাসির উদ্দিন রানার গ্রেপ্তার দাবি করা হয়।

তবে এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন রানা সাংবাদিকদের বলেন, তিনি হামলার সঙ্গে সংস্পৃক্ত নন, তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে অপপ্রচার চালানো হচ্ছে।