২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

২০২১ সালে ৭২৫ গ্রাম হেরোইনসহ শাহাবুলকে গ্রেপ্তার করে ব়্যাব।

নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 07:08 PM

Updated : 16 Aug 2023, 07:16 PM

নারায়ণগঞ্জে হেরোইন বহনের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷

বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) শিপ্রা মোদক।

দণ্ডিত শাহাবুল হাসান (৩০) সিরাজগঞ্জের সদর উপজেলার সাহেদনগর এলাকার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে এপিপি শিপ্রা মোদক বলেন, ২০২১ সালের ৬ জুন নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকা থেকে ৭২৫ গ্রাম হেরোইনসহ শাহাবুল হাসানকে গ্রেপ্তার করে ব়্যাব-১১৷

তিনি বলেন, এ ঘটনায় ব়্যাব বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করে। পরে তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ২৬ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন।

এরপর ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামি শাহাবুলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।