পাবনায় বিদ্যালয়ের বারান্দায় পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ
পুলিশ জানায়, সকালে ওই বিদ্যালয়ের বারান্দায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।
পাবনার বেড়ায় একটি বিদ্যালয়ের বারান্দা থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে বেড়া সরকারি বিবি পাইলট উচ্চ বিদ্যালয়ের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে বেড়া মডেল থানার পরিদর্শক (ওসি) হাদিউল ইসলাম জানান।
নিহত হাসান আলী সরকার বেড়া পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার এন্তাজ আলী সরকারের ছেলে। এ ছাড়া তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।
ওসি হাদিউল ইসলাম জানান, রোববার সকালে ওই বিদ্যালয়ের বারান্দায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, গত রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে লাশ রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
