২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে চিকিৎসক পরিচয়ধারী ব্যক্তিকে কারাদণ্ড

সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন বলে ম্যাজিস্ট্রেট জানান।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 08:30 PM

Updated : 14 Oct 2022, 08:30 PM

গোপালগঞ্জে চিকিৎসক পরিচয়ধারী এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কলেজ মসজিদ রোডের সিটি ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তারের পর এ সাজা দেওয়া হয় বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান জানান।

চিকিৎসক পরিচয়ধারী গোলাম মাসুদ মৃধা (৫১) খুলনা সিটি করপোরেশন এলাকার ৪৫, খান জাহান আলী সড়কের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ পরিচয়ে শহরের সিটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে চিকিৎসক সনদপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।  

অভিযানের সময় গোপালগঞ্জ বিএমএর প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন বলে মামুন খান জানান।