ব্যান্ডসংগীত চর্চায় ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটির’ যাত্রা শুরু
ক্যাম্পাসে ব্যান্ড সংগীতের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের পাশাপাশি নতুনদের যুক্ত করা, বাদ্যযন্ত্র ও গান শেখার সুযোগ এবং নতুন ব্যান্ড গড়ে ওঠার পরিবেশ তৈরিতে কাজ করবে সংগঠনটি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধারার ব্যান্ডসংগীত চর্চাকে এক প্ল্যাটফর্মে আনতে যাত্রা শুরু করেছে ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি-জেইউবিএস’।
বাংলার শেকড়ের গান থেকে বিশ্বসংগীতের বিভিন্ন ধারা- ব্যান্ড সংগীতের মাধ্যমে সেগুলো জানা, শেখা, চর্চা ও নতুনভাবে উপস্থাপনের সুযোগ তৈরি করাই সংগঠনটির লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
ক্যাম্পাসের ব্যান্ড সংগীতের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের পাশাপাশি নতুনদের যুক্ত করা, বাদ্যযন্ত্র ও গান শেখার সুযোগ এবং নতুন ব্যান্ড গড়ে ওঠার পরিবেশ তৈরিতে কাজ করবে সংগঠনটি।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটির আহ্বায়ক আদিত্য ভৌমিক বলেন, “ব্যান্ড সংগীত চর্চা করে এমন শিক্ষার্থীর সংখ্যা অনেক এবং তাদেরকে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আমাদের এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু করা।
“Rewind-’80 প্রোগ্রামের মাধ্যমে আমাদের আশির দশকের বাংলা ব্যান্ডগুলোকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই JUBS প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য আহ্বান করা হয়। আমরা প্রতি বছর ব্যান্ড সংগীতকে কেন্দ্র করে নানান আয়োজন রাখার চিন্তা করছি।”
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আদিত্য আরও বলেন, “আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের সকল ঘরানার সংগীতচর্চা, বাদ্যযন্ত্র শেখানো এবং ব্যান্ড সংগীতের চর্চাকে আরও সুন্দর করে তুলবে বলে আমরা আশা রাখছি।”
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটির সদস্যসচিব নাইমুল হক নব বলেন, “প্রচলিত আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক রাজধানী। তবে সকল ধারার সংস্কৃতি চর্চার জায়গাটা নিশ্চিত করা প্রকৃত সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম বৈশিষ্ট্য বলে আমি মনে করি।”
“ব্যান্ড সংগীতকে কেন্দ্র করে আমাদের ক্যাম্পাসে কোনো সংগঠন একনিষ্ঠভাবে কাজ করে যাবে- এই উদ্দেশে বেশ আগে থেকেই পর্যায়ক্রমে আলোচনা হয়ে আসছে। অবশেষে আমরা একই প্ল্যাটফর্মে একত্র হতে পেরেছি,” বলেন তিনি।
এর আগে ১৮ সেপ্টেম্বর সংগঠনটির প্রথম আয়োজন হিসেবে ‘Rewind ’80’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশির দশকের বাংলা ব্যান্ডগুলোর প্রতি শ্রদ্ধা জানানো ছিল এ আয়োজনের উদ্দেশ্য।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটির মুখপাত্র হিসেবে মীর সোয়াদ জাবের এবং সৈকত কুমার কানু কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। সদস্য হিসেবে আছেন- অরুণিমা পাল, মইনুল ইসলাম মুনিম এবং মোহাম্মদ হাছানুজ্জামান।
