২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ‘বুনো হাতির হামলায়’ কৃষক নিহত

বুনো হাতির একটি দল ‘খাবারের খোঁজে’ কয়েক দিন আগে লোকালয়ের কাছে অবস্থান নিয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2022, 01:32 PM

Updated : 03 Aug 2022, 01:32 PM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ‘বুনো হাতির হামলায়’ এক কৃষক নিহত হয়েছেন।

‘হাতি তাকে পায়ের তলায় পিষে মেরেছে’ বলে উপজেলার রামচন্দ্রকুড়া মণ্ডলিয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকা জানিয়েছেন।

নিহত ছমেদ আলী (৬৫) ইউনিয়নের মায়াঘাসি গ্রামের অসীম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ছমেদ আলী মায়াঘাসি পাহাড়ে ঘাস কাটতে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা পাহাড়ে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, বন বিভাগের লোকজনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান।

চেয়ারম্যান বলেন, “লাশের অবস্থা ও আলামত দেখে মনে হচ্ছে, ঘাস কাটার সময় বুনো হাতি হামলা চালিয়ে তাকে পায়ের তলায় পিষে হত্যা করেছে। হাতিগুলো খাবারের খোঁজে এদিকে এসেছে বলে ধারণা করছি।”

কয়েক দিন ধরে বুনো হাতির একটি দল লোকালয়ের কাছে অবস্থান করছে বলে জানান চেয়ারম্যান।

নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে ওই মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। একই সঙ্গে পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।