সাত দফা দাবিতে হবিগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন
দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন চা শ্রমিকরা।
হবিগঞ্জে বকেয়া পরিশোধ, বোনাস, স্থায়ী বাসস্থান নিশ্চিতকরণসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছেন চা শ্রমিকরা।
বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী বাগানের চা শ্রমিকরা এ কর্মসূচি পালন করেছেন।
এতে দুই বাগানের প্রায় দুই শতাধিক শ্রমিক অংশ নেন।
শ্রমিকদের সাত দফা দাবি হচ্ছে- বকেয়া মজুরি পরিশোধ, বোনাস, উৎসব ভাতা, কাচা পাতা বিক্রি বন্ধ, ভবিষ্যৎ তহবিলের বকেয়া টাকা, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিত করা।
এ সময় মানববন্ধনে চা শ্রমিক নেতারা বলেন, ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থ বছরের এরিয়া অর্থ বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা, চা বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করছে না।
এ ছাড়া ভগ্ন-জীর্ণ বাসস্থানের কারণে চা শ্রমিকদের রোদ-বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হয়। ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত তারা।
দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুমকি দেন চা শ্রমিকরা।
গত ২৫ জুন সাত দফা দাবি বাস্তবায়ন করার জন্য ইমাম টি এস্ট্রেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বরাবর লিখিতভাবে জানান চা শ্রমিকরা।
মালিকপক্ষ সারা না দেওয়ায় ৩ জুলাই থেকে কর্মবিরতি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে চা বাগান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুভাষ দাস, সমীরণ বাকতি, পদ্মা মুন্ডা, সীমা ভৌমিক ও বিষকা কর্মকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এর আগে শনিবার দুপুরে একই দাবিতে নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী বাগানের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন।
এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
