২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি: বাবার মরদেহ রেখে পরীক্ষার হলে ছেলে

সালমানের বাবা শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

এইচএসসি: বাবার মরদেহ রেখে পরীক্ষার হলে ছেলে

ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থী মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 03:21 PM

Updated : 06 Nov 2022, 03:21 PM

ঝালকাঠি সদর উপজেলায় বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় বসতে হয়েছে ছেলেকে।

এমন ঘটনা ঘটেছে উপজেলার কেওড়া ইউনিয়নের কেওড়া গ্রামে। ওই পরীক্ষার্থীর নাম সালমান রাফি। তার বাবা শফিকুল ইসলাম কুদ্দুস (৫০)।

সালমান ঝালকাঠি সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্র। এইচএসসির প্রথম দিন রোববার সকালে ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়েছেন তিনি।

পরীক্ষা শেষে সালমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলে গিয়ে কান্নায় বুক ফেটে যায়। শনিবার অসুস্থ অবস্থায়ও বাবা আত্মীয়-স্বজন সবাইকে ফোন করে আমার জন্য দোয়া চান। আজ বাবা নেই“, বলে হাউমাউ করে কাঁদতে থাকেন তিনি।

সালমানের বড় চাচা মো. মামুন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ছোট ভাই শফিকুল ইসলাম কুদ্দুস কেওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

“শনিবার দুপুরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। রাতে তাকে সংজ্ঞাহীন অবস্থায় স্বজনরা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে পরীক্ষা-নিরিক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

কেওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি সত্যিই দুঃখজনক। কুদ্দুস ভাই (শফিকুল ইসলাম কুদ্দুস) খুব ভাল মানুষ এবং আমার ইউনিয়নের সাবেক জনপ্রতিনিধি ছিলেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।”

পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই জনপ্রতিনিধি বলেন, “দোয়া করি সালমান রাফি লেখাপড়া শেষ করে বাবার স্বপ্ন পূরণ করতে পারে।”