২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার দুই আসনেই নৌকাকে বিজয়ী করার আহ্বান সাকিবের

“আমরা সবাই এক সঙ্গে কাজ করে মাগুরার দুই আসনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।”

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2023, 03:10 PM

Updated : 19 Dec 2023, 03:10 PM

মাগুরার দুই আসনেই নৌকাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  

মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় শোভাযাত্রার আগে স্থানীয় নোমানী ময়দানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব মাগুরাবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলে যার যার এলাকার কেন্দ্রে কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। নৌকা প্রতীককে বিজয়ী করে আনবেন “

তিনি আরও বলেন, “আমরা সবাই এক সঙ্গে কাজ করে মাগুরার দুই আসনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।”

এরপর আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগ নেতা-কর্মীরা শহরে বিজয় শোভাযাত্রা বের করেন।

এ সময় মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ সভাপতি মুন্সী রেজাউল হক, সহ সভাপতি আবু নাসির বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক  খুরশীদ হায়দার টুটুল, শাখারুল ইসলাম শাকিলসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।