লালমনিরহাটে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন রশিদ।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে উপজেলার স্বর্ণামতি নদীর কান্তেস্বর সেতু এলাকা থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয় বলে আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক জানান।
নিহত আব্দুর রশিদ (৪৫) উপজেলার বালাপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মোজাম্মেল বলেন, রোববার বিকালে আব্দুর রশিদ তার ইজিবাইক নিয়ে বের হন। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্বর্ণামতি নদীর কান্তেস্বর সেতুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয় বলে জানান তিনি।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে খবর পেয়ে রশিদের স্বজনরা গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।
লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান বলেন, দুর্বৃত্তরা চালককে হত্যা করে তার ইজিবাইক নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি মোজাম্মেল।
