যানজটে আটকা গাড়িতে ডাকাতি, সোনার দুল নিল কান ছিঁড়ে
১০ থেকে ১২ জন ডাকাত মাইক্রোবাসের কাচ ভেঙে ধারালো অস্ত্রের মুখে আরোহীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে।
ঈদযাত্রার পথে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে আটকা পড়া একটি মাইক্রোবাসে ডাকাতি হয়েছে।
১০ থেকে ১২ জন ডাকাত মাইক্রোবাসের কাচ ভেঙে ধারালো অস্ত্রের মুখে আরোহীদের কাছ থেকে লুটে নিয়ে গেছে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার।
এ সময় মাইক্রোবাসের এক নারী যাত্রীর কান ছিঁড়ে সোনার দুল নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক আবু হেনা মোস্তফা ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে ওই মাইক্রোবাসে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে তাদের গাড়ি ডাকাতের কবলে পড়ে।
খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, “ওই এলাকায় দুই পাশের ঘন জঙ্গল। সেই সুযোগে ছিনতাইকারীরা সেখানে ওঁত পেতে থেকে এমন হামলা করেছে।”
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভাড়া করা ওই মাইক্রোবাস নিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে রংপুরের উদ্দেশে রওনা দেন তারা। কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকা অতিক্রম করার পর তাদের গাড়ি যানজটে আটকা পড়ে।
সেখান থেকে তারা ধীরগতিতে টাঙ্গাইলের দিকে এগিয়ে যেতে থাকেন। থেমে থেমে এগিয়ে রাত সোয়া ১টার দিকে চন্দ্রা ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে আবারও তারা যানজটে আটকা পড়েন।
এ সময় মহাসড়কের দক্ষিণ পাশ থেকে ১০-১২ জন মুখ ঢাকা ডাকাত ধারালো অস্ত্র নিয়ে মাইক্রোবাসে আক্রমণ করে। ভেতর থেকে জানালার গ্লাস না খোলায় ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গাড়ির দুই পাশের চারটি গ্লাস ভেঙে ফেলে। পরে তারা ভেতরে থাকা সবাইকে এলোপাতাড়ি আঘাত করে এবং টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
আবু হেনা মোস্তফা বলেন, ডাকাতরা মাইক্রোবাসে তার এক স্বজনের কানে সোনার দুল দেখতে পায়। তারা টান দিয়ে কান ছিঁড়ে ওই দুল নিয়ে যায়।
“এতে তার কানের লতি ছিঁড়ে যায়। রক্তক্ষরণ শুরু হলে দ্রুত কালিয়াকৈর সাহেববাজার এলাকার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার দুই কানেই নয়টি সেলাই দেওয়া হয়। মারধরে আহত অন্যদেরও প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে।”
মাইক্রোবাসের চালক আলমগীর হোসেন বলেন, হামলাকারীদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। তাদের হাতে ছিল রামদা ও চায়নিজ কুড়াল।
ওই ডাকাত দলের সদস্যদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি আকবর আলী।
