জাইকার টাকা `লুটপাটে’ পকেট কমিটি গঠনের অভিযোগ
প্রক্রিয়ায় ত্রুটি থাকতে পারে বললেও টাকা আত্মসাতের লক্ষ্যে কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করেন সমিতির সভাপতি।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের টাকা ‘লুটপাটে’ পকেট কমিটি গঠনের অভিযোগ উঠেছে কমিটির সভাপতির বিরুদ্ধে।
বুরুয়া-কুমরিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে জেলা সমবায় কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক অমৃত লাল বাড়ৈ।
তবে প্রক্রিয়ায় ত্রুটি থাকতে পারে বললেও টাকা আত্মসাতের লক্ষ্যে কমিটি গঠন করার অভিযোগটি অস্বীকার করেছেন সমিতির সভাপতি খিতীশ দত্ত।
অভিযোগকারী অমৃত লাল বলেন, “দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে বৃহত্তর ফরিদপুরে ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২ কোটি ৬১ লাখ ১২ হাজার ৫০৬ টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ, খাল পুনঃখনন ও স্লুইট গেইট মেরামতের কাজ চলছে। এসব কাজ থেকে খিতীশ দত্ত লাখ লাখ টাকা আত্মসাত করবেন।”
তিনি বলেন, “সমবায় সমিতির উপ আইনের বিধি ভঙ্গ করে গত ১৩ ডিসেম্বর খিতীশ দত্ত তার স্ত্রী, শ্যালক, ভাতিজি, চাচাত ভাইয়ের স্ত্রী ও আত্মীয় স্বজনদের দিয়ে অবৈধভাবে ১২ সদস্যের ব্যবস্থাপনা কমিটি গঠন করেন। কমিটি গঠনের নির্বাচনে কোনো তফসীল ঘোষণা, খসড়া ভোটার তালিকা প্রণয়ন, মনোনয়নপত্র দাখিল, সাধারণ সভা করা হয়নি।”
দাতা সংস্থার শর্ত অনুযায়ী সমিতির ৮১৯ সদস্য নিয়ে লেবার কন্টাকটিং সোসাইটি (এলসিএস) কমিটি করতে হয় দাবি করে অমৃত লাল বলেন, “খিতীশ দত্ত সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার আগেই অবৈধভাবে গত ১৪ অক্টোবর এলসিএস কমিটি গঠন করেন। এলসিএস কমিটি গঠনের রেজ্যুলেশনে তিনি সভাপতি হিসেবে স্বাক্ষর করেন। যদিও তখন তিনি সভাপতি ছিলেন না।”
সমিতির সভাপতির তত্ত্ববধানে গত ৮ ফেব্রুয়ারি থেকে সাড়ে ৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ, ৬ কিলোমিটার খাল পুনঃখনন ও তিনটি স্লুইট গেইট মেরামত কাজ শুরু হয়েছে।
অমৃত লালের অভিযোগ, “এলসিএস সদস্যদের পরিবর্তে খিতীশ দত্ত ভেকু মেশিন দিয়ে ওই কাজ করাচ্ছেন। এতে সমিতির উপকারভোগী সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।”
সমিতির অবৈধ কমিটি বাতিল করে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবি জানান অমৃত লাল বাড়ৈ।
এ বিষয়ে খিতীশ দত্তের ভাষ্য, “গ্রামে গ্রুপিং আছে। তাই স্বচ্ছ নির্বাচন করা কঠিন। নির্বাচনে কিছু ত্রুটি হয়ত থাকতে পারে। তদন্ত কমিটির কাছে আমি নির্বাচন সংক্রান্ত সব কাগজপত্র জমা দিয়েছি। তবে তদন্ত প্রতিবেদন আমি এখনও হাতে পাইনি। হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করব।”
প্রয়োজনে আদালতে যাবেন বলে জানান খিতীশ দত্ত।
এদিকে, ওই সমিতির বর্তমান কমিটি বিধি মোতাবেক গঠন করা হয়নি বলে ২০ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন দেন জেলা সমবায় কর্মকর্তা মো. নবিউল ইসলাম।
সেইসঙ্গে প্রতিবেদনে বর্তমান সভাপতি খিতীশ দত্তের ওই কমিটি কেন বাতিল হবে না তা তিন কার্য দিবসের (আগামী রোববার) মধ্যে জানাতে বলা হয়েছে।
অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সমবায় কর্মকর্তা নবিউল ইসলাম বলেন, “ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এখানে সমবায় সমিতির উপ আইন অমান্য করা হয়েছে। তাই তদন্ত প্রতিবেদনে ওই সমিতির সভাপতিকে তিন কার্য দিবসের মধ্যে কমিটি কেন বাতিল হবে না, তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।”
বিধি মোতাবেক এই কমিটি কোনো কাজ করতে পারে না জানিয়ে সমবায় কর্মকর্তা আরও বলেন, “সভাপতির জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
