গাজীপুরে সড়কে গেল বাইক ও অটোরিকশা যাত্রীর প্রাণ
সালানার ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হন।
গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক বাইক আরোহী ও এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে গাজীপুরের দক্ষিণ সালনা ও ভবানীপুর এলাকায় ঘটনা দুটি ঘটে বলে মহানগর সদর থানার এসআই মো. মোশারফ হোসেন জানান।
নিহতরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মো. সাদেক মিয়া (৬৫) এবং গাজীপুর সদরের উত্তর মনিপুরপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে নাজমুল আলম ওরফে রনি (২৬)।
সালানার ঘটনায় দুজন আহতও হন। আহতের একজন নেত্রকোনার কেন্দুয়ার মো. হুমায়ুন মিয়া (৩৫)। অন্য জনের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই মোশারফ জানান, কয়েকদিন আগে গ্রাম থেকে সালনার চৌধুরী বাড়ি এলাকায় পোশাক শ্রমিক মেয়ের বাসায় বেড়াতে আসেন সাদেক মিয়া।
শুক্রবার দুপুরে বাড়ি যাওয়ার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় সালনা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন তিনি। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কনকর্ড গার্মেন্টের সামনে একটি মাইক্রোবাস সামনের একটি পিকআপকে ধাক্কা দেয়। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোর তিনযাত্রী রাস্তার উপর পড়ে গেলে পিকআপটি সাদেক মিয়াকে চাপা দিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোতে থাকা হুমায়ুনসহ দুই যাত্রী আহত হন।
সাদেকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডেকেলে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
অপরদিকে, জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন রনি নামের এক যুবক। পথে গাজীপুর সদরের ভবানীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে রনির মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রনি ঘটনাস্থলেই মারা যান।
