২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এক মাস ধরে পাভেলকে হত্যার পরিকল্পনা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা’

রোববার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার এসব তথ্য জানান।

‘এক মাস ধরে পাভেলকে হত্যার পরিকল্পনা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা’

কুমিল্লার চৌদ্দগ্রামে পাভেল হত্যায় গ্রেপ্তার চারজন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2022, 08:13 PM

Updated : 04 Dec 2022, 08:13 PM

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাডমিন্টন খেলার মাঠে কলেজ শিক্ষার্থী মাইনুল ইসলাম পাভেলকে ছুরিকাঘাতে হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আব্দুল মান্নান জানান, গ্রেপ্তারকৃত চারজনই ‘কিশোর গ্যাংয়ের’ সদস্য। কথা কাটাকাটির জের ধরে এক মাস ধরে আসামিরা কলেজ শিক্ষার্থীকে হত্যার পরিকল্পনা করে।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসব তথ্য জানান।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের ব্যাডমিন্টন খেলার মাঠে পাভেলকে (১৯) ছুরিকাঘাতে হত্যা করে একদল তরুণ। এ ঘটনায় পাভেলের মা লিপি ইসলাম বাদী হয়ে শনিবার রাতে নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে মামলা করেন।

পাভেল উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলেরনাউরি গ্রামের নুরুল ইসলামের ছেলে ও ধোপাখিলা গ্রামের আবদুল হালিম ভূঁইয়ার নাতি। তিনি ফেনী মহিপাল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।  

শনিবার রাতে পুলিশ ঢাকা ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

তারা হলেন- ফেনীর সদর উপজেলার গজারিয়া কান্দি এলাকার আবু হুরায়রা অনিক (১৯), চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের সালমান (২২), একই গ্রামের নাইমুল হক রাকিব (২২) এবং আলকরা ইউনিয়নের ধোপিখোলা গ্রামের নাজিমুল হক জয় (১৯)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, এক মাস আগে আসামি রাকিবের সঙ্গে ফেনীতে পাভেলের কথা কাটাকাটি হয়। রাকিব ঘটনাটি তার গ্রামের বন্ধুদের জানায়। তখন থেকেই রাকিব ও তার বন্ধুরা মিলে পাভেলকে হত্যার পরিকল্পনা করে।

বৃহস্পতিবার রাতে পাভেলের অবস্থান জেনে আসামিরা নানার বাড়ি আলকরা যায়। সেখানেই ব্যাডমিন্টন খেলার মাঠে বাকবিতণ্ডায় জড়িয়ে পাভেলকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকে আসামিরা। পাভেলকে বাঁচাতে তার বন্ধুরা এগিয়ে এলে তাদেরকেও ছুরিকাঘাত করা হয়।

রক্তাক্ত অবস্থায় পাভেলকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মজিবুর রহমান জানান, রোববার দুপুরে চার আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।